খোরশেদ হত্যা: “রাকিবদের ঘটনাস্থলে দেখেছে তারেক”

বে ইনসাইট | কক্সবাজার

কক্সবাজারের আলোচিত ‘জুলাই যোদ্ধা’ ও ছাত্রদল কর্মী খোরশেদ আলম হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি তারেকের বক্তব্য নিয়েই এখন প্রশ্ন তুলছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তারেক পুলিশকে বলেছেন—ঘটনার সময় তিনি অন্য আসামি রাকিবসহ কয়েকজনকে ঘটনাস্থলে দেখেছেন।

এ নিয়ে ওই কর্মকর্তার প্রশ্ন, “সে যদি ঘটনায় জড়িত না থাকে, তাহলে ঘটনাস্থলে অন্যদের কিভাবে দেখলো? সে কি দূরবীন দিয়ে দেখেছে?”

প্রযুক্তির সূত্রে রাকিবের উপস্থিতির তথ্য

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার দিন রাকিবের ঘটনাস্থলের আশপাশে অবস্থানের তথ্য পাওয়া গেছে।

মোবাইল ফোনের লোকেশন ডাটা ও অন্যান্য ডিজিটাল ট্রেইল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের।

পুলিশের মতে, এ তথ্য মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে এবং রাকিবের সম্ভাব্য সম্পৃক্ততা যাচাইয়ে এটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দুইজনকে ঘিরে তদন্ত, ‘সঠিক লাইনে’ থাকার দাবি পুলিশের

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই মামলায় আপাতত দুইজনকে ঘিরেই তদন্ত এগোচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা বে ইনসাইটকে বলেন, “মামলায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।”

তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত যা পেয়েছি, তাতে মনে হচ্ছে আমরা সঠিক লাইনে আছি। তদন্ত চলছে, আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে।”

মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময় বড়ুয়া জানান, প্রধান আসামি তারেককে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। অন্য আসামি রাকিবকে একটি পৃথক মামলায় আদালতে আত্মসমর্পণের সময় সেখান থেকেই আটক করা হয়।

তবে এখনো তাদের রিমান্ডে নেওয়া হয়নি। শিগগিরই রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

সম্পর্ক ও যোগাযোগ: ‘তারিনকে ফোন দিয়ে ডাকে খোরশেদ’

তদন্তে সংশ্লিষ্টদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কও খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ করে ‘তারিন’ নামে এক নারীর সঙ্গে খোরশেদের যোগাযোগ নিয়ে আলোচনা চলছে। যদিও এখনো তার সম্পৃক্ততার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

এক পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা দেখছি তাদের (খোরশেদ ও তারিন) মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল। মাঝখানে কিছুটা বিরতি ছিল। এখন পর্যন্ত তারিনের সম্পৃক্ততা পাইনি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

বে ইনসাইটের প্রশ্নে তিনি জানান, “তারিনকে ফোন দিয়ে ডাকে খোরশেদ

তিনি আরও বলেন, “কোনো নিরপরাধ ব্যক্তিকে তো আমরা অপরাধী বানাতে পারি না। আমাদের উপর আস্থা রাখুন।”

সিসিটিভি বিশ্লেষণ: মাঝপথেই ‘গ্যাপ’

ঘটনার আগে ও পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে তদন্তকারী সংস্থা। তবে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে বে ইনসাইটের হাতে আসা কিছু ফুটেজ যাচাই করে দেখা গেছে, ঘটনার দিন প্রধান অভিযুক্ত ‘কাকা তারেক’কে রাত সাড়ে ৯টার আগেপরে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের হোটেল প্রাসাদ প্যারাডাইসের সামনে দেখা যায়।

কিন্তু এরপরের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময়ের ফুটেজ মুছে গেছে।

স্থানীয় কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, তারেক সেখানে কিছু সময় লুডু খেলছিলেন। তবে কেউ সুনির্দিষ্ট সময় বলতে পারেননি।

সহবাসীর দাবি: “জামিন পেয়ে খুশি ছিল তারেক, নাচও করেছে”

ঘটনার দিন তারেকের গতিবিধি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন তার এক সহবাসী।

তার দাবি, “সেদিন কলাতলির একটি ঘটনায় হওয়া মামলায় জামিন পাওয়ার পর কোর্ট থেকে ফিরে সন্ধ্যায় বাসায় গিয়ে গোসল করে ‘ফ্রেশ’ হন তারেক, এমনকি কিছু সময় নাচও করেন এবং ঘুমান।”

পরে তারেকসহ তারা তিনজন অটোরিকশায় ঝাউতলা থেকে সুগন্ধা এলাকার প্রাসাদ প্যারাডাইসের সামনে যান।

সেখানে গিয়ে তারেক কয়েকজন বন্ধুর সঙ্গে লুডু খেলতে বসেন, আর ওই সহবাসী অন্য একজনের সঙ্গে সৈকতের দিকে যান।

তিনি বলেন, “পরে এসে দেখি তারা নেই। ফোন দিলে তারেক জানায়, সে ঝাউতলার বাসায় ফিরে গেছে।”

তিনি আরও বলেন, “কীভাবে গেছে, তা আমি দেখিনি। তবে সিসিটিভিতে থাকতে পারে।”

এ সময় ‘ফকির গ্রুপ’-এর কিছু সদস্য বাইকে এসে তারেককে খুঁজেছেন বলেও জানান তিনি।

মায়ের দাবি: “বাড়িতে এসে খেয়ে ঘুমিয়েছে”

অন্যদিকে, তারেকের মা ছেলেকে নির্দোষ দাবি করেছেন।

তিনি বলেন, “আমার ছেলে বলেছে, সুগন্ধা পয়েন্ট থেকে লুডু খেলা শেষ করে ঝাউতলার বাসায় যায়, তারপর গোসল করে রামুতে বাড়িতে আসে।”

তার ভাষ্য অনুযায়ী, এরপর সে কক্সবাজার থেকে রামুর বাড়িতে আসে এবং তারেক খাবার চান । পরে ঘুমিয়ে পড়েন।

তিনি বলেন, “আমি তাকে বিছানা করে দিই। এরপর সে ঘুমিয়ে পড়ে। আমার ছেলে নির্দোষ।”

সহবাসী ও মায়ের বক্তব্য অনুযায়ী, সেদিন তারেক দুইবার গোসল করেন—একবার সন্ধ্যায় বের হওয়ার আগে, আরেকবার রাত ১১টার দিকে বাসায় ফেরার পর।

পূর্বের অপরাধের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আগের অপরাধমূলক ইতিহাসও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা বলেন, “এই গ্রুপটির আগেও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের তথ্য আছে। তাদের রেকর্ড ভালো না।”

প্রাথমিকভাবে সম্পৃক্ততার ইঙ্গিত, তবে তদন্ত চলমান

তদন্তকারীরা বলছেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

এক কর্মকর্তা বলেন, “সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তারাই জড়িত। তবে আমরা আরও গভীরভাবে তদন্ত করছি।”

ঘটনার পটভূমি

গত ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কবিতা চত্বরে ছুরিকাঘাতে নিহত হন খোরশেদ আলম।

তিনি সদর উপজেলার ইসুলোর ঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে এবং ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে হামলা চালায় এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় তার সঙ্গে থাকা তারিন নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

তারিন সাংবাদিকদের বলেছিলেন, “একদল দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে মূল্যবান জিনিস দাবি করে। এক পর্যায়ে ‘আরিফ’ নামে একজনকে মারধরের অভিযোগ তুলে খোরশেদকে ছুরিকাঘাত করা হয়।”

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, “প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।”

One thought on “খোরশেদ হত্যা: “রাকিবদের ঘটনাস্থলে দেখেছে তারেক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *